ঢাকা, ৭ এপ্রিল ২০২৬: শিক্ষার্থীদের মধ্যে বাড়তে থাকা ঘাড় ও কোমর ব্যথা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ রাজধানীর ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় একটি বিশেষ সেমিনার। “Preventing Neck and Back Pain through Proper Sitting Habits” শীর্ষক এই আয়োজনটি শুধুমাত্র প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়।

আজ বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের মেইন ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা. এম. ইয়াছিন আলী। তিনি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চিফ কনসালট্যান্ট হিসেবে কর্মরত এবং দীর্ঘদিন ধরে মাংসপেশী ও হাড়-সংক্রান্ত সমস্যার চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছেন।

বর্তমান সময়ে দীর্ঘক্ষণ বসে কম্পিউটার ব্যবহার, অনিয়মিত বসার অভ্যাস এবং শারীরিক অনুশীলনের অভাবের কারণে তরুণদের মধ্যে ঘাড় ও কোমর ব্যথার সমস্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে সঠিক বসার নিয়ম, কর্মক্ষেত্রে সঠিক অঙ্গবিন্যাস (ergonomics) এবং প্রতিরোধমূলক ব্যায়াম সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করাই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য।

আয়োজক সূত্রে জানা যায়, সেমিনারে তাত্ত্বিক আলোচনা ছাড়াও ছিল ব্যবহারিক নির্দেশনা ও লাইভ ডেমোনস্ট্রেশন, যাতে শিক্ষার্থীরা সরাসরি সঠিক পদ্ধতিগুলো শিখতে পারে এবং দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারে।

এছাড়া সেমিনারের শুরুতে সেমিনারের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব মনির হোসেন
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
