বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে বিজিএর আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও ২০২৬–২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা

অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া সভাপতি ও অধ্যাপক ড. দিলীপ কুমার সাহা মহাসচিব নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ জেরন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (বিজিএ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অব জেরন্টোলজি অ্যান্ড জেরিয়াট্রিক ওয়েলফেয়ারের যৌথ উদ্যোগে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং বিজিএর ২০২৬–২৮ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান জনাব মাহবুবুল হক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. আবু নাসের।

অনুষ্ঠানে বাংলাদেশ জেরন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশনের (বিজিএ) ২০২৬–২৮ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. দিলীপ কুমার সাহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মনির উদ্দিন মণি, কোষাধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা, আইন সম্পাদক অ্যাডভোকেট ইমাম হাসান খান মামুন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এম ইয়াছিন আলী, ডা. গোলাম শওকত হোসেন, সুনীতি হালদার ও মেজর রোখসানা ফেরদৌসীসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএর মহাসচিব অধ্যাপক ড. রবিউল ইসলাম এবং সভাপতিত্ব করেন বিজিএর সহসভাপতি অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া।

সভায় প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, জীবনমান উন্নয়ন, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, সামাজিক সুরক্ষা এবং প্রবীণবান্ধব পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার মাধ্যমে প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি বিজিএর নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে প্রবীণ জনগোষ্ঠীর অধিকার, স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণে সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *