আধুনিক জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও মানসিক চাপের প্রভাবে হজমজনিত সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, সুস্থ শরীর ও সুস্থ মনের ভিত্তি হলো একটি ভালোভাবে কার্যকর অন্ত্র। অন্ত্র শুধু খাবার হজমই করে না, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, প্রদাহ নিয়ন্ত্রণ এবং মানসিক সুস্থতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণেই অন্ত্রকে প্রায়ই ‘দ্বিতীয় মস্তিষ্ক’ বলা হয়।
আঁশসমৃদ্ধ খাবার অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত কার্যকর। খাদ্য আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে, নিয়মিত মলত্যাগ নিশ্চিত করে এবং হৃদরোগ, কোলন ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়তা করে। পাশাপাশি এটি প্রিবায়োটিক হিসেবে কাজ করে, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়।
একটি ইনস্টাগ্রাম পোস্টে বোর্ড-সার্টিফায়েড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠি জানান, নিয়মিত আঁশ গ্রহণ অন্ত্র ও বিপাকীয় স্বাস্থ্যের অন্যতম নির্ভরযোগ্য সূচক। তার মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু নির্দিষ্ট আঁশসমৃদ্ধ খাবার রাখলেই অন্ত্রের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে।
ডা. শেঠির পরামর্শ অনুযায়ী অন্ত্রের সুস্থতায় সহায়ক পাঁচটি খাবার হলো—
সামান্য কাঁচা (হালকা সবুজ) কলা
রেজিস্ট্যান্ট স্টার্চসমৃদ্ধ কলা উপকারী অন্ত্র ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ তৃপ্তি দেয়। প্রতিদিন একটি মাঝারি আকারের সামান্য কাঁচা কলা খাওয়ার পরামর্শ দেন তিনি।
চিয়া বীজ
দ্রবণীয় আঁশসমৃদ্ধ চিয়া বীজ অন্ত্রে জেলের মতো স্তর তৈরি করে, যা হজম প্রক্রিয়া ধীর করে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। প্রতিদিন ১-২ টেবিল চামচ চিয়া বীজ দই বা স্মুদির সঙ্গে খাওয়া যেতে পারে।
মসুর ডাল ও অন্যান্য ডালজাতীয় খাবার
দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় ধরনের আঁশে সমৃদ্ধ ডালজাতীয় খাবার অন্ত্রের মাইক্রোবায়োমের জন্য উপকারী। অধিকাংশ দিন আধা কাপ থেকে ১ কাপ রান্না করা ডাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বেরি ফল (বিশেষ করে ব্লুবেরি বা রাস্পবেরি)
বেরি ফলে রয়েছে প্রচুর আঁশ ও পলিফেনল। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। প্রতিদিন আধা কাপ থেকে ১ কাপ বেরি ফল খাওয়া যেতে পারে।
বাদাম (আখরোট ও কাঠবাদাম)
বাদামে আঁশের পাশাপাশি স্বাস্থ্যকর চর্বি রয়েছে, যা তৃপ্তি বাড়ায়, বিপাকীয় স্বাস্থ্য উন্নত করে এবং অন্ত্রের উপকারী জীবাণুর বৈচিত্র্য বৃদ্ধি করে। প্রতিদিন এক মুঠো বাদাম উপকারী হতে পারে।
নিয়মিত খাদ্যতালিকায় এই পাঁচটি আঁশসমৃদ্ধ খাবার যুক্ত করলে অন্ত্রের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি সামগ্রিক সুস্থতাও উন্নত হবে। সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ।
সূত্র : এনডিটিভি
