কেন কমবয়সীরা কোলন ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছেন?

colon

ক্যান্সার এখন আর শুধু বয়স্কদের রোগ নয়। সাম্প্রতিক সমীক্ষা বলছে, ৩০ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এতদিন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে এর প্রধান কারণ মনে করা হলেও, বিজ্ঞানীরা এখন বৃহদন্ত্রের গঠনগত পরিবর্তন এবং জিনের ভূমিকাকে বেশি দায়ী করছেন।

‘অ্যাডভান্সড সায়েন্স’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় টেক্সাস ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, বয়স্কদের তুলনায় তরুণদের বৃহদন্ত্রের কোষগুলো অনেক বেশি শক্ত ও পুরু হয়ে যাচ্ছে।

অনেক সময় এই কোষগুলোতে ক্ষত বা ‘ফাইব্রোসিস’ তৈরি হয়, যা ক্যানসার হওয়ার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। কোষের দেয়াল এমন শক্ত হয়ে যাওয়ার প্রধান কারণ হলো অতিরিক্ত ‘কোলাজেন’ জমা হওয়া। কেন তরুণদের শরীরে এমনটা হচ্ছে, তা নিয়ে আরও গবেষণা চলছে।

বিজ্ঞানীরা বলছেন, শুধু খাবার দায়ী নয়, এর পেছনে রয়েছে জিনের কারসাজি।

বংশগতভাবে আসা নির্দিষ্ট কিছু জিন (যেমন- এপিসি, এমএলএইচ১, এমএসএইচ২) যদি তাদের স্বাভাবিক বিন্যাস বদলে ফেলে (মিউটেশন), তবে ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

গবেষকরা ‘মাইক্রোইনডেন্টেশন টেস্ট’-এর মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে, তরুণদের কোলন কোষের অস্বাভাবিক পরিবর্তনই ক্যানসার ডেকে আনছে। তবে আশার কথা হলো, প্রাথমিক অবস্থায় কোলন ক্যানসার ধরা পড়লে তা পুরোপুরি নিরাময় সম্ভব। বিজ্ঞানীরা এখন সেই বিশেষ জিনগুলোকে শনাক্ত করার চেষ্টা করছেন, যা নিয়ন্ত্রণ করতে পারলে ক্যানসার হওয়ার আগেই তা ঠেকানো যাবে।

সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *