চোখ ভালো রাখতে আমরা গাজর, দুধ বা শাকসবজি খাওয়ার কথা জানি। কিন্তু আমরা প্রতিদিন এমন কিছু খাবার খাই, যা অজান্তেই চোখের মারাত্মক ক্ষতি করছে। চলুন, জেনে নিই খাবারগুলো কী কী।
রিফাইনড কার্বোহাইড্রেট (পাস্তা, পেস্ট্রি)
বাচ্চারা পাস্তা বা পেস্ট্রি খেতে খুব পছন্দ করে। কিন্তু ময়দা দিয়ে তৈরি এই খাবারগুলো রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। এর ফলে চোখের রেটিনা কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি বাড়ে।
এমএসজি যুক্ত খাবার (নুডলস, প্যাকেটজাত খাবার)
নুডলস বা বিভিন্ন প্যাকেটজাত খাবারের স্বাদ বাড়াতে ‘মনোসোডিয়াম গ্লুটামেট’ ব্যবহার করা হয়। এটি মস্তিষ্কের স্নায়ুকে অতিরিক্ত উত্তেজিত করে তোলে, যা পরোক্ষভাবে চোখের স্নায়ুর ওপর খারাপ প্রভাব ফেলে।
অতিরিক্ত ভাজাভুজি
বেশি তেল ও চর্বিযুক্ত ভাজা খাবার খেলে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয়। এর ফলে বয়সের আগেই চোখের ‘রেটিনা’ ক্ষতিগ্রস্ত হতে পারে। চিকিৎসকদের মতে, চোখ ভালো রাখতে ছোটবেলা থেকেই ভাজাভুজিতে নিয়ন্ত্রণ আনা জরুরি।
বাড়তি লবণ বা সোডিয়াম
চিপস বা নোনতা খাবারে প্রচুর সোডিয়াম থাকে। অতিরিক্ত লবণ খেলে রক্তচাপ বেড়ে যায়, যা চোখের সূক্ষ্ম স্নায়ুগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়ার ভয় থাকে।
মদ্যপান
অতিরিক্ত মদ্যপান শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন তৈরি করে। এতে চোখ শুকিয়ে যায় এবং শরীর ঠিকমতো ‘ভিটামিন এ’ শোষণ করতে পারে না, যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
সূত্র : আনন্দবাজার
